ক্রীড়া ডেস্ক:
গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল মিনি-নিলাম। যেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৭৭ জন ক্রিকেটার
প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। দশটি দলই সর্বোচ্চ কোটা স্পর্শ করেছে, অর্থাৎ সবাই ২৫ জনের স্কোয়াড সাজিয়েছে।
সবাই ২৫ জনের কোটা পূরণ করলেও দুটি দল বিদেশির সর্বোচ্চ কোটা ৮ স্পর্শ করেনি। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৭জন করে বিদেশি দলে নিয়েছে। আর বাকি একজন দেশি বেশি নিয়ে ২৫ জনের কোটা পূরণ করেছে তারা।
নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটার নিতে দলগুলো খরচ করেছে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কলকাতা। আর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্যামেরুন গ্রিন। তার জন্য ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা। সেরা ছয়ে আছেন বাংলাদেশ থেকে দল পাওয়া একমাত্র ক্রিকেটার মুস্তাফিজ।
আলোকিত প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০২৫/মওম

