জাহিদ হাসান হৃদয় :
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ: সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি।
- হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ।
- অন্তর্বর্তী সরকারের জননিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতা: সমালোচনায় অন্যান্য দল।
- হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
- ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে, পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ারে স্থানান্তর।
- হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস।
- ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার।
- ভারত সরকারের মদদ ছাড়া আ.লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি এই হামলাকে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আসন্ন নির্বাচন বানচালের নীল নকশা বলে অভিহিত করেছে। তারা এই হামলার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা না করে বরং এটিকে একটি পূর্বপরিকল্পিত ঘটনা বলে জোরালোভাবে দাবি করছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগর বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।
বিএনপি ও ছাত্রদলের অবস্থান : এদিকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেছেন, এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে “ঘোলা পানিতে মাছ শিকারের” অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চট্টগ্রামে তাদের আরেক প্রার্থীর ওপর হামলার ঘটনার সাথে সম্পর্কিত একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন। দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার এবং এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
বিশ্লেষকদের মতামত : ঘটনার রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে বেশ কিছু গুরুতর প্রশ্ন। কিছু রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশ্লেষক বলছেন যে, ওসমান হাদিকে এর আগেও একাধিক নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এই হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন না করায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে এবং নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং হামলাকারী সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট মন্তব্য আসেনি, তবে রাজনৈতিক মহলে এই ঘটনা এবং এর পরবর্তী প্রভাব নিয়ে আলোচনা তুঙ্গে।
ভারত সরকারের মদদ ছাড়া আ.লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না : এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সব পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা করতেছে, ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে, তাদের একাউন্টেবল করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে তিনি এসব কথা বলেন।
ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার : এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এ সিদ্ধান্ত জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন। তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি ধরতে পারব।
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। (শনিবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় তা জানিয়েছে। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে।
- Advertisement -