আলোকিত ডেস্ক:
বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওভুক্তির দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ আন্দোলনরত শিক্ষকদেরকে কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
এসময় আন্দোলনরত শিক্ষকরা রাস্তায় বসে পড়েন এবং দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কে যানযটের সৃষ্টি হয়েছে। এদিকে শিক্ষকদের ৬ জন বিশিষ্ট একটি প্রতিনিধি দল যমুনায় গিয়েছেন বলে জানা গেছে।
শিক্ষকদের দাবিসমূহ –
১. সব বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি করা।
২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা।
৩. বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা নিশ্চিত করা, পাশাপাশি মিডডে মিল, উচ্চ মানের শিক্ষাসামগ্রী, খেলাধুলার সরঞ্জাম এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করা।
৪. ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান এবং পুনর্বাসন নিশ্চিত করা।
৫. চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটা সুনিশ্চিত করা।
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, সরকারের পক্ষ থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যথাযথ স্বীকৃতি না দেয়ার ফলে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। আন্দোলনকারীরা জানান, বিশেষ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে, ফলে শিক্ষক-শিক্ষার্থীদের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ১১ ডিসেম্বর ২০২৫/মওম

