-
বিশেষ প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও সমবায়বিষয়ক উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগের ঘোষণা দিতে পারেন। সরকারি ও রাজনৈতিক একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমতবে একই সরকারে থাকা আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত আছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। আজ বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে তফসিল ঘোষণার রেকর্ডিংয়ের জন্য ডাকা হয়েছে।
এর আগে বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি সরকারের উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন এবং ওই এলাকায় ভোটার হিসেবে নিবন্ধনের আবেদনও করেছেন। এই আসনে ইতোমধ্যে বিএনপি দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে মনোনয়ন দিয়েছে।
সরকারের উচ্চ পর্যায় থেকেও গত সেপ্টেম্বরের মধ্যে দুজনেরই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে সেই সময়ে তারা পদ ছাড়তে আগ্রহ না দেখানোয় বিষয়টি আবারও আলোচনায় আসে এবং সম্প্রতি পুনরায় পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট মহল। সংবাদ সম্মেলনের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি
আজ পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা!
- Advertisement -
- Advertisement -

