আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তিচুক্তির লক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। মূলত ইউক্রেনের ভূখণ্ড কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এ নিয়ে বৈঠক হয় তাদের। তবে দীর্ঘ পাঁচ ঘণ্টা আলোচনা করেও তারা কোনো আপস করতে পারেননি।
পুতিনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি উসাকোভ বৈঠকে উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো আপস খুঁজে পাইনি। কিন্তু মার্কিনিদের কিছু সমাধান নিয়ে আলোচনা করা যেতে পারে।”
‘আলোচনা খুব ভালো এবং গঠনমূলক’ হয়েছে জানিয়ে রাশিয়ার এ কর্মকর্তা বলেছেন, “মস্কো এবং ওয়াশিংটন উভয় জায়গাতেই সামনে ব্যাপক কাজ করা বাকি আছে।”
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা অভিযোগ করেছেন, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে। তারা এতে ব্যাপক পরিবর্তন আনার দাবি জানিয়েছেন।
এ খসড়া চুক্তিতে বলা আছে শান্তিচুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দনবাস রাশিয়ার কাছে তুলে দেবে। যারমধ্যে আছে দোনেৎস্ক ও লুহানস্ক। এ দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয়র রক্ত ঝরেছে। হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না। পুতিন হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো। নয়ত শক্তিপ্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেবেন তারা।
সূত্র: আলজাজিরা
আলোকিত প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০২৫/মওম

