মোঃ রাশেদুল ইসলাম:
জামালপুর মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণী ২০২৫” উপলক্ষে আজ (২৬ নভেম্বর, বুধবার ২০২৫ ইং ) উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ মাঠে এক মনোজ্ঞ ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেলান্দহ-এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, ডাঃ মোঃ খাইরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন। উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুকুমার চন্দ্র দাস। তিনি তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি সফল খামারিদের প্রশংসা করেন এবং সকলকে উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর,বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন খামারিদের মধ্যে নতুন প্রযুক্তির পরিচিতি ঘটায় এবং এই খাতকে আরও গতিশীল করতে সহায়তা করে। তিনি প্রাণিসম্পদ খাতে সরকারের সকল সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় খামারিদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম।
আলোচনা অনুষ্ঠানের আগে অতিথিরা মাঠজুড়ে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শণীতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য এবং প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন উপকরণ ও প্রযুক্তির স্টল স্থান পায়। খামারিরা তাদের পালিত উন্নত গবাদি পশু-পাখির প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আগত খামারি, কৃষিবিদ, ভেটেরিনারি ডাক্তার, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই প্রদর্শণী আগামী দিনে মেলান্দহের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -

