মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-১ আসনে কোনো বিতর্কিত ব্যক্তিকে দেওয়া মনোনয়ন স্থানীয় নেতাকর্মীরা কখনোই মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার বেলা ১১টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে তা শতভাগ পরিবর্তন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন জনগণ যাকে নেতা বলবে সেই-ই প্রকৃত নেতা। সুতরাং এলাকার নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা না থাকা কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেতে পারে না।
মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আয়োজিত এ জনসভায় মীর সরফত আলী সপুর পাশাপাশি আরও দুই মনোনয়নপ্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে উপস্থিত হয়ে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই শ্রীনগর স্টেডিয়াম এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়। প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশ শেষে বেলা ১টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করলে মীর সরফত আলী সপুর অনুরোধে তারা সরে গিয়ে পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের দূর সময়ে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন- এমন যোগ্য নেতাদের মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। তাই তারা মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।
মনোনয়নপ্রত্যাশী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী আশা প্রকাশ করেন যে, বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন বিষয়টি পুনরায় বিবেচনা করবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

