সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল চলাকালে আটক হওয়া এক আসামিকে থানা থেকে কে বা কারা তদবির করে ছাড়িয়ে নিল—এ প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার সৈয়দপুর জামেয়া এমদাদিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই—দ্রুত শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার কার্যকর করা হোক। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। বিএনপি নির্বাচন কমিশনারকে সর্বাত্মক সহযোগিতা করবে। এরই মধ্যে আমাদের দল নির্বাচন কমিশনকে সহায়তার জন্য একটি কমিটিও গঠন করেছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা খালেক শিকদার ও নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

