আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করা হবে: সড়ক পরিবহন ফেডারেশন

আরো খবর

 ১৬ নভেম্বর রবিবার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এ কথা জানান।

তিনি বলেন, দেশের সব ধরনের গাড়ি চলবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করবো। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনিক কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন এবং দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা দেশব্যাপী দায়িত্ব পালন করছেন।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, মানবতাবিরোধী হত্যা মামলায় পতিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে লকডাউন কর্মসূচির ডাক দেয়। এর মাধ্যমে তারা নির্বাচন বানচাল এবং দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ওই লকডাউন চলাকালে সারা দেশে প্রায় ২০টি পরিবহন অগ্নিসন্ত্রাসের শিকার হয় এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে পরিবহন শ্রমিক জুলহাস ড্রাইভারকে নির্মমভাবে হত্যা করা হয়। এর প্রতিবাদে ঢাকার মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়াসহ বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন এবং একই কর্মসূচি সারাদেশে পালিত হয়। ১৮ কোটি মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যখন অন্তর্বর্তী সরকার কাজ করছে, তখন আওয়ামী লীগ পর্দার আড়াল থেকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে আবারও ১৬ ও ১৭ নভেম্বর নতুন করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে এসব লকডাউন, অগ্নিসন্ত্রাস এবং নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছি।  আওয়ামী লীগের কর্মসূচি জনগণও প্রত্যাখ্যান করেছে।

হুমায়ূন কবির খান ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১৬নভেম্বর ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -