আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ৩০০ মিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ,নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী

আরো খবর

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ডের বিনাইপাড়া গোমতী বেড়িবাঁধ এলাকায় এডিপির আওতায় ৩০০ মিটার সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার অধীন পানি উন্নয়ন বোর্ডের কাঁচা সড়কটি পাকা করার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগ পাওয়ার পর দেবিদ্বারের পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। খবর পেয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশনা প্রদান করেন। পৌর প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী বিষয়টি অফিসিয়ালি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, দেবিদ্বার পৌরসভার এডিপি প্রকল্পের আওতায় আরহাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০০ মিটার সড়কটি পিচ ঢালাই করে নির্মাণের কাজ করছে, যার ব্যয় ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে ট্রাকে করে নিম্নমানের ইটের খোয়া এনে ফেলেছে। আমরা বাধা দিলেও ঠিকাদার আমাদের কথা শোনেননি। এসব খোয়ায় রাস্তা টিকবে না, কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।

এলাকাবাসীরা আরও বলেন, এই সড়কটি এলাকায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। নিম্নমানের কাজ হলে অল্পদিনেই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে ভোগান্তি বাড়বে।

এদিকে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও তারা সড়কটির কাজ সঠিক মান বজায় রেখে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/১৪নভেম্বর ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -