আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় এলে নির্যাতিত নেতাকর্মীদের সম্মানী প্রদান করা হবে: কাজী কায়কোবাদ

আরো খবর

নাজমুল হাসান:

বিএনপি ক্ষমতায় এলে যারা দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সম্মানী প্রদান করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

৮ নভেম্বর শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, “আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আজকের শ্রীকাইলের মানুষের উপস্থিতি দেখে। আমি আপনাদের কামলা হয়ে কাজ করতে চাই। মুরাদনগরের গরিব মানুষই আমার নেতা।”

তিনি আরও বলেন, “২০০১ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন,২০০৮ সালে আমি হজে গিয়েও জয়ী হয়েছিলাম— কারণ আল্লাহ আমার পক্ষে ছিলেন। এবারও আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

জামায়াতের উদ্দেশে কায়কোবাদ বলেন, “যখন শেখ মুজিব বাকশাল করে জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তখন রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ আজ আপনারা সেই বিএনপিকেই নিয়ে মোনাফেকি করছেন। এটা ঠিক নয়।”

তিনি বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে জামায়াতকে ১৮টি আসন দিয়েছিল। কিন্তু তারা এখন বিএনপিকে ভুলে গেছে। আমরা যদি আবার ক্ষমতায় আসতে পারি, যারা জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের যথাযথ সম্মান এবং সম্মানী প্রদান করা হবে।”

মুরাদনগরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে মুরাদনগরের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু গত ১৭ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা কিছুই করেনি। সব টাকা চোরের দল মেরে দিয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। সঞ্চালনা করেন শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান ও শ্রীকাইল কলেজ ছাত্রদলের সভাপতি মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুনসি, ব্যবসায়ী কাজী জুননুন বসরীসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।

সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে শ্রীকাইল কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

আলোকিত প্রতিদিন/০৯ নভেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -