বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জে তিনটি নির্বাচনি আসন পুনরুদ্ধারে নেতাকর্মীদের নিরলসভাবে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি আরো বলেন, মানিকগঞ্জে হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে এনে আবারও প্রমাণ করতে হবে মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি।
নেতাকর্মীদের আহ্বান জানিয়ে রিতা বলেন, আগামী নির্বাচনে নতুন ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তাহলে সেটি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে। অভিমান করে আর বসে থাকলে চলবে না আমাদের।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির সাবেক মহাসচিব ও চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ ।
আলোকিত প্রতিদিন/এপি

