আলোকিত প্রতিবেদক:
আশ্বিনের শেষ দিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিতে অনেকে ছাতা মাথায় বের হয়েছেন, কেউ বা ভিজেই পথে নেমেছেন। এছাড়া গণপরিবহনে যাত্রীদের ভিড় বেড়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রিকশা ও সিএনজি চালকেরা স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া দাবি করেছেন, এতে জনদুর্ভোগ আরও বেড়েছে।
হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ী বলেন, সকালে বৃষ্টিতে ভিজেই একটি কাজে কারওয়ান বাজার গিয়েছিলাম। সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় আজ সকাল থেকে রাজধানীতে কাজে বের হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। সবাই ছাতা নিয়ে কেউবা বৃষ্টিতে ভিজেই চলাফেরা করছেন। বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঝড়-বৃষ্টিতে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
একই অভিজ্ঞতার কথা জানিয়ে রামপুরা ব্রিজ সংলগ্ন স্থানে বাসের জন্য অপেক্ষমাণ খোরশেদ আলম। তিনি বলেন, বৃষ্টির কারণে গণপরিবহনে প্রচণ্ড ভিড়। ইচ্ছে করলেও বাসে ওঠা যাচ্ছে না। রিকশা-সিএনজি চালকেরাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। শত শত মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন, হেটেও কেউ গন্তব্যে যেতে পারছে না আবার গণপরিবহণও পাচ্ছেন না।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

