হেলাল উদ্দিন, টেকনাফ, টেকনাফের রাজারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজন মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে বন্দী থাকা ছয়জনকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফের রাজারছড়া এলাকার মো. হোছনের ছেলে মো. রুবেল (২০)।
উদ্ধারকৃতরা হলেন, টেকনাফের শাহ পরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেলে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালির ৯ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২) এবং একই ক্যাম্পের জাফর আলমের ছেলে শহিদুল আমিন (১৫)।
টেকনাফ-২ বিজিবির একটি টিম মঙ্গলবারে এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে, চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী থাকা ছয়জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার কৃত ভুক্তভোগীদের রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে পাহাড়ে ডেকে নিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে বন্দী করে রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে। আটক মানব পাচার কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

