ক্রিকেট, প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম দেখেছিল অন্যরকম এক চিত্র। বাংলাদেশের ম্যাচ, অথচ নেই দর্শক। দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) একই চিত্র দেখা গেছে। বরং, প্রথম দিনের তুলনায় আজ দর্শক সংখ্যা কম৷ একটু কষ্ট করলে আঙুলে গোনা যাবে দর্শক সংখ্যা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। কালো মাটির উইকেট বানিয়ে স্বাগতিকরা তুলে নিয়েছে বড় জয়। তবু, দর্শক যেন আশার আলো দেখছে না। যার পরিণতি মিরপুরের ফাঁকা গ্যালারি। ২৫ হাজার ধারণক্ষমতার গ্যালারিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকুল্যে তিন হাজার দর্শকও নেই। টস জিতে আজ ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ১২ ওভারের মধ্যে হারিয়েছে দুই উইকেট। গ্যালারি থেকে একটু পরপর ভেসে আসছে ‘ভুয়া ভুয়া’ প্রতিধ্বনি। এর আগে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরলে বিমানবন্দরে দর্শকের তোপের মুখেও পড়েছিলেন ক্রিকেটাররা।
প্রথম ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। স্পিননির্ভর কালো উইকেটের সুবিধা নিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং বিভাগকে আরো শক্তিশালী করতে একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -