বিশেষ প্রতিনিধি, বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে তাদের দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির এই নেতা। ওই সমাবেশে এ্যানি বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়িভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে। তবে এখন এমন কোনো কাজ করা যাবে না, যেখানে মানুষের যেন ক্ষতি না হয়। এসময় শিক্ষকদের সুশৃঙ্খলভাবে ৯ দিন ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে শিক্ষকদের এসব দাবির প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

