সাদুল্যাপুর প্রতিনিধি,মোঃ ফিরোজ প্রধান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দী বাজার ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ১৯ অক্টোবর (রোজ রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আয়োজনে নদীর দুই পাড় জুড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আগত হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মেলায়। প্রতিযোগিতার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ফাহিম মন্ডল, অফিস সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা; পাশাপাশি স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়—এটি আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। এমন আয়োজন গ্রামীণ সমাজে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়ায়। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার কয়েকটি দল। রঙ-বেরঙের নৌকা, ঢাক-ঢোলের তালে তালে বৈঠার ছন্দে যখন নৌকা এগিয়ে চলে, তখন দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে নদী তীর। শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজন শেষে দর্শক-অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ, যা দীর্ঘদিন মনে রাখার মতো এক সুন্দর মুহূর্ত হয়ে থাকবে সাদুল্লাপুরবাসীর কাছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

