নাজমুল হাসান:
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে “উলামা সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার সকালে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা আব্দুর রশিদ পীর সাহেবের সভাপতিত্বে, দেবিদ্বার উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিন সরকার এর সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব সাইফুল ইসলাম শহীদ,কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৪ আসনের এমপি পদপ্রার্থী; মাওলানা মুফতি আমিনুল ইসলাম, অধ্যক্ষ আড়াইবাড়ি সাঈদিয়া কামিল মাদ্রাসা; অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, সহকারী সেক্রেটারি কুমিল্লা উত্তর জেলা; মাওলানা মুফতি মহিউদ্দিন, ফকীহ, তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা; মাওলানা মিজানুর রহমান আতিক, ওলামা সভাপতি কুমিল্লা উত্তর জেলা; অধ্যাপক শহিদুল ইসলাম, আমির দেবিদ্বার উপজেলা; জনাব ফেরদৌস আহমেদ, আমির দেবিদ্বার পৌরসভা এবং মো. মামুনুর রশীদ, দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী সমাজব্যবস্থা ন্যায়, ভ্রাতৃত্ব, সমতা ও পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে গঠিত। ইসলাম মানুষকে একে অপরের অধিকার রক্ষা করতে, সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতে এবং সমাজে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। একটি আদর্শ সমাজ তখনই গড়ে ওঠে যখন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই আল্লাহভীতির ভিত্তিতে কাজ করে। কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সমাজ পরিচালনা করলে তবেই সেখানে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। উলামারা সমাজের পথপ্রদর্শক। তাঁরা ইসলামের জ্ঞান প্রচার করেন, মানুষকে সঠিক পথে আহ্বান জানান এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্যের কথা বলেন।
আরো বলেন, বর্তমান যুগে উলামাদের দায়িত্ব শুধু মসজিদ বা মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়; সমাজ, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি—সবক্ষেত্রে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অপরিহার্য। তাঁরা যদি জ্ঞান, সাহস ও ঐক্যের মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাস্তব রূপ তুলে ধরেন, তবে সমাজে নৈতিক জাগরণ ঘটবে। ইসলামী আদর্শে সমাজ গঠন, নৈতিকতা, উলামাদের দায়িত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওলামা-মাশায়েখ, মাদরাসা শিক্ষক ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম

