আলোকিত ডেস্ক:
অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
১৩ অক্টোবর সোমবার সকালে সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অগ্রসর ঠেকাতে সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
সকাল ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দিতে থাকেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলেন, সরকার সাত কলেজকে একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন বা অধ্যাদেশ জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মূলত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)এ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম

