মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ‘ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপ কর্তৃক ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের’ অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
৬ অক্টোবর সোমবার দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে
বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।
এসময় মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও মু. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমির হোসাইন, আব্দুল কাইয়ুম মাস্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে যারা লুট করেছে, তাদের বিচার করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ব্যাংকটিকে এস আলমের প্রভাবমুক্ত করে শরিয়াহভিত্তিক ন্যায্য ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ নিয়োগ বাতিল এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় না আনা হয়, তবে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

