প্রতিনিধি,পাথরঘাটা (বরগুনা):
আজ ৪ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের নদী ও সমুদ্র উপকূলে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি ২২ দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার। মা-ইলিশ সংরক্ষণের এই অভিযান চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত।
পাথরঘাটায় সরকারি নিবন্ধিত জেলের সংখ্যা ১৬ হাজার ৮২০ জন। এর মধ্যে ১১ হাজারের বেশি জেলে গভীর সমুদ্রগামী। নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডসহ শাস্তির বিধান রয়েছে।
এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা। তারা বলছেন, মাছ ধরা বন্ধ থাকায় সংসার চালানো কঠিন হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল সহায়তা দেওয়ার ঘোষণা থাকলেও তা তাদের চাহিদার তুলনায় অপ্রতুল।
বিশেষজ্ঞদের মতে, এ অভিযানে সফল হতে হলে আইন প্রয়োগের পাশাপাশি প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে জনপ্রতিনিধিরা সহায়তা কার্যকরভাবে বিতরণের ওপর জোর দিয়েছেন।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নদী-উপকূলে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

