নজরুল ইসলাম বাদল:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড বাসস্ট্যান্ডের পিছনে এবং তারাব কবরস্থানের সামনে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন এখানে অগণিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দূর্গন্ধ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীবাহী বাস, মিনিবাস, কোস্টার, সিএনজি ও লেগুনা এ ব্যস্ততম বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত যাত্রী তুলছে ও নামাচ্ছে। শত শত যাত্রীকে প্রতিদিন এই এলাকায় দাঁড়াতে হয়। কিন্তু দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, নাক-মুখ চেপেও যাত্রীদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। অনেক যাত্রীকে বমি করতে দেখা গেছে।
এ ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারাও। চারটি মসজিদ, দুটি কবরস্থান ও প্রায় দশ হাজার পরিবার এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে। এলাকাবাসীর অভিযোগ, ভাগাড়ের কারণে চারপাশে ছড়িয়ে পড়ছে রোগ-ব্যাধি। হাঁচি-কাশি, শ্বাসকষ্টসহ নানা অসুখ-বিসুখে মানুষ আক্রান্ত হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই পানি জমে গিয়ে পাশের মসজিদ ও কবরস্থান তলিয়ে যায়। কবরস্থানে ময়লার পানি ঢুকে পড়ায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে ধর্মীয় পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সমাজসেবক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ময়লার ভাগাড়ের কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। অথচ সামান্য দূরে এ স্থান নির্ধারণ করলেই এমন সমস্যার সৃষ্টি হতো না।”
এমন ক্ষোভ প্রকাশ করেছেন আরও অনেকে। অভিজ্ঞ মহলের মতে, পরিকল্পিতভাবে ময়লার ডাম্পিং স্পটটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
আলোকিত প্রতিদিন/০২ অক্টোবর ২০২৫/মওম
– Advertisement –
- Advertisement -

