মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের (দ.) দিক থেকে সামিউল ট্রেডার্স কর্তৃক জোরপূর্বক অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে আজ (১৮ /৮/২৫) দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেন।
এতে অংশগ্রহণ করেন নারী-পুরুষ, কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন- সামিউল ট্রেডার্সের অবৈধ বালু উত্তোলনের ফলে চরলাপাং এলাকার ফসলি জমি ভেঙে যাচ্ছে, বাড়িঘর ধসে পড়ছে। নদী ভাঙনের তীব্রতা ও বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে শত শত পরিবার। প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার- রাজিব চৌধুরীর নিকট এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আজ্জম, উপজেলা বিএনপির সদস্য মবিন চৌধুরী, নিয়াজউল্লাহ, স্থানীয় ওয়ার্ড মেম্বার জীবন মিয়া এবং অগণিত গ্রামবাসী।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -

