আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

আরো খবর

আলোকিত ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকটসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বাংলাদেশ পুনর্গঠনে ওয়াশিংটন সহায়তা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার  কার্যক্রম এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রেও তারা সহায়তা করবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন এই আশ্বাস দেন। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরের নির্ধারিত সভাস্থলে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এ সময় ব্লিঙ্কেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে দৃঢ় সংকল্প নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে সাধুবাদ জানান তিনি। তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অপরিসীম’ শ্রদ্ধা রয়েছে। জানা গেছে, প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর-২৪/মওম

- Advertisement -
- Advertisement -