মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনটি বাস পোড়ানোর প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই ওই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় সংগঠনটি। উক্ত সভায় সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা চার দফা দাবি জেলা প্রশাসক কর্তৃক বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার মাথায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। এই বিষয়ে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, সভায় সংগঠনের পক্ষ থেকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাড়ি চলাচলে নিরাপত্তা প্রদান, গাড়ি পোড়ানোর বিষয়ে তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ, অবৈধ গাড়ির বিষয়ে ব্যবস্থা, শ্রমিকের ওপর অকারণে মামলা না করাসহ চারটি দাবি তোলা হয়। এসময় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবির মধ্যে যে তিনটি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সেগুলোর বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক সংস্কার, নিহত-আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ সড়কের শৃঙ্খলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মামলা প্রত্যাহারের সুযোগ নেই।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

