নিজস্ব প্রতিবেদক:
দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মাত্রা আরও বাড়তে পারে। তাই ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আজ বুধবার আবহাওয়াবিদ জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এর মাত্রা আরও বাড়তে পারে। তিনি বলেন, আজ বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। হিট অ্যালার্ট দেওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ জানান, তাপমাত্রা আজ ৩৬ ডিগ্রিতে উঠেছে। এটা আগামী দুদিনে আরও বাড়বে। আজ একটু কম হলেও বেড়ে যাবে। তাই হিট অ্যালার্ট দেওয়া হয়েছে।কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আলোকিত প্রতিদিন/৪ এপ্রিল-২৪ /মওম

