মাইনুল হাসান রুবেল:
অবসর-পূর্ব ছুটি ভোগরত ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনূর ইসলামকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন এবং চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ট্রাইব্যুনালের সিনিয়র সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারকে। তবে বিচারপতি কে.এম. হাফিজুল ইসলামকে তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের সদস্য হিসেবেই বহাল রাখা হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে এসব নিয়োগ দেয়া হয়। এ বিষয়ে গত (মঙ্গলবার) সকালে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারোয়ারের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলাম ট্রাইব্যুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করার বিষয়ে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করায় ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ এর ধারা ৬ (৪) এর বিধান মোতাবেক ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণাক্রমে ট্রাইব্যুনালের বর্তমান সদস্য বিচারপতি মো: আবু আহমেদ জমাদারকে চেয়ারম্যান এবং তার শূন্য পদে এ,এইচ,এম, হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ও দায়রা জজকে (পিআরএল ভোগরত) তার পিআরএল বাতিলক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে,এম, হাফিজুল আলমকে তার পদে বহাল রাখা হলো।
এতে আরো বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে তাকে প্রদত্ত সব নিরাপত্তা সুবিধাসহ আনুষঙ্গিক অন্যান্য সুবিধাদি বিধি মোতাবেক অব্যাহত থাকবে। উক্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির সমমর্যাদার বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্ত হবেন।
আলোকিত প্রতিদিন/ ২ মার্চ ২০২৪/ দ ম দ

