আজ , ।   

সাগরপথে মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচারকালে বিপুল পরিমাণ ভোজ্যতেল, আটা, চিনি ও রঁসুন উদ্ধার,গ্রেফতার -৩ 

আরো খবর

আবু সায়েম:

কক্সবাজার শহরে সাগর পথে  পাচারের চেষ্টাকালে ভোজ্যতেল, আটা, চিনি ও রঁসুনসহ বিপুল পরিমাণ   খাদ্যদ্রব্য জব্দ করেছে র‌্যাব-১৫।  এসময় পাচারকাজে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ এন্ড মিডিয়া)  মোঃ আবু সালাম চৌধুরী।  তিনি দাবি করেন জব্দ করা খাদ্যপণ্যগুলো যুদ্ধ পরিস্থিতিতে থাকা প্রতিবেশী দেশ মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা হয়েছিল। আটককৃতরা হলো-কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মৃত হাসন আলীর ছেলে আবু তাহের (৫০) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৃত মো. শরীফের ছেলে মো. তৈয়ব (২৪)। এছাড়া আটক অপরজন হল, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহারঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কবির আহমদ (৫৩)। র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে কক্সবাজার শহরের মাঝেরঘাট এলাকায় খুরুশকূল ব্রিজের দক্ষিণ পাশে কতিপয় লোকজন যুদ্ধপরিস্থিতিতে থাকা মিয়ানমারে পাচারের জন্য বেশ কিছু পরিমান খাদ্যপন্য মজুদ করার খবরে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা  জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মিয়ানমারে পাচারের জন্য তারা বেশ কিছু পরিমান খাদ্যদ্রব্য  মজুদ করেছে। পরে তাদের দেওয়া তথ্য মতে, স্থানীয় একটি বাসা থেকে ৫৩ টি বস্তায় ২ হাজার ১২০ লিটার সয়াবিন তেল, ১৭ টি বস্তায় ৮৫০ কেজি আটা, ১৫ টি বস্তায় ৭৫০ কেজি চিনি, ১২ টি বস্তায় ৪৮০ কেজি রঁসুন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব খাদ্যপন্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকার বেশী। “আটকদের দেওয়া তথ্যের বরাতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ এন্ড মিডিয়া)  মোঃ আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যে বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে পন্য সরবরাহ বন্ধ থাকায় রাজ্যটিতে খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে সীমান্তের যুদ্ধপরিস্থিতির মধ্যেও পাচারকারি চক্র সক্রিয় হয়ে উঠেছে। আর চক্রটির সদস্যরা কক্সবাজার উপকূলবর্তী সাগরের বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যপন্য পাচার করে আসছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

আলোকিত প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি-২৪/মওম

- Advertisement -
- Advertisement -