আন্তর্জাতিক ডেস্ক:
জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বাইডেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বাইডেন বলেন, জর্ডানে ড্রোন হামলা সম্পর্কে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি তবে আমার ধারণা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এ হামলা চালাতে পারে। তিনি বলেন, আমরা এই সন্ত্রাসবাদের হিসাব রাখব এবং কোনও সন্দেহ নেই যে এই হামলার প্রতিশোধ নেব। রিপাবলিকান সিনেটর টম কটন বলেন, এই হামলার একমাত্র উত্তর হতে হবে ইরানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ। জর্ডান তার একটি সামরিক সাইটে এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সীমান্ত প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সহযোগিতা করছে। আম্মানের একজন সরকারি মুখপাত্র দাবি করেছিলেন হামলাটি জর্ডানের মাটিতে নয় বরং সীমান্তের ওপারে সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় নিহত তিন জন ছাড়াও ২৫ সেনা সদস্য আহত হয়েছেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা।
আলোকিত প্রতিদিন/ ২৯ জানুয়ারি ২৪/মওম

