জাহিদুল হক রনি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয়। নির্বাচনে মাশরাফি বিন মুর্তজার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য ও প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী মো. মনিরুল ইসলাম আম প্রতীকে ৫৮০ ভোট।এছাড়া গণফ্রন্টের মো. লতিফুর রহমান মাছ প্রতীকে ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান মিনার প্রতীকে এক হাজার ৮৫২ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম ঈগল প্রতীকে এক হাজার ৩৬৩ ভোট পেয়েছেন। এছাড়া তিন দিন আগে মাশরাফিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।
আলোকিত প্রতিদিন/ ৮ জানুয়ারি ২৪/ এসবি
- Advertisement -

