আবু সায়েম:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে স্থাপিত করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় ১৪০ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয়। রবিবার(৩১ ডিসেম্বর) সকাল ১১টায় কোর্টবাজার পূর্ব পাশে মধ্য রত্নাপালং এলাকায় অবৈধভাবে করাতকলে কাঠ চিরাইয়ের খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। উখিয়া থানা ও বনবিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ। অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনার সময় স’মিলে চিরাইয়ের জন্য মজুদ রাখা ১৪০ ঘনফুট কাঠ জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। স’মিলের মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশও জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এদিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরেক অভিযানে উখিয়া রেঞ্জের, ভালুকিয়া বন বিটের ঝাউতলা নামক এলাকা হতে ০১ টি মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়। বিট কর্মকর্তা ভালুকিয়া এবং স্টাফ অভিযান করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। অভিযানে উখিয়া রেঞ্জ অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। মউখিয়া রেঞ্জ গাজী শফিউল আলম বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রত্নাপালং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া ১৪০ ঘনফুট কাঠ ও স’মিলের অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।” কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছি। বনের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও জবরদখলের কোন সুযোগ নেই, যতো বড় প্রভাশালী হোক সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১ জানুয়ারি ২৪/ এসবি

