আলোকিত ডেস্ক:
লকি ফার্গুসনকে স্কয়ার লেগের দিকে খেলে দৌড়ে ২ রান পূর্ণ করার আগেই দুই হাত উঁচিয়ে উদযাপন শুরু করে দিলেন বিরাট কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি তখন করতালিতে ভেঙে পড়ার দশা। এর মধ্যে সম্প্রচার ক্যামেরা খুঁজে নিল আরো একটি নির্দিষ্ট মুখ। তিনি শচিন টেন্ডুলকার। বিরাটের শতক উদযাপনে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন শচীনও। ভারতীয় কিংবন্তির ঘরের মাঠে তাকে ছাড়িয়েই ইতিহাস গড়লেন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটি ছুঁলেন তিনি। ওয়ানডেতে ৫০তম শতকের মাইলফল পূর্ণ করে নুইয়েছেন মাথা। যাকে নিজের আদর্শ মানেন সেই শচীনের সামনে, তার মাঠে, তাকে ছাড়িয়ে (৪৯টি সেঞ্চুরি) গেলেন কোহলি। এমন অর্জনের পর ফেরেন ১১৭ রান করে। ১১৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছয় মারেন কোহলি। এর আগে শচীনের আরো দুটি রেকর্ড ভাঙেন কোহলি। অর্ধশতক পূর্ণ করার পর ছাড়িয়ে যান টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে। নির্দিষ্ট একটি বিশ্বকাপে এতদিন যৌথভাবে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক ছিলেন শচীন, সাকিব ও কোহলি। তিনজনের ফিফটি ছাড়ানো ইনিংস ছিল ৭টি করে। আজ বাকি দুজনকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় কোহলি। বর্তমানে ৮টি পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক তিনি। একই সঙ্গে নির্দিষ্ট একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখেও শচীনকে টপকে শীর্ষে কোহলি। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে এতদিন চূড়ায় ছিলেন ভারতীয় কিংবদন্তি। আজ সেটি ছাড়িয়ে গেলেছে কোহলি।
আলোকিত প্রতিদিন/ ১৫ নভেম্বর ২৩/ এসবি

