আলোকিত ডেস্ক :
মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অন্য গাড়িকে ধাক্কা দেন এক নারী। পরে ওই নারীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে পুলিশকে থাপ্পড় মারাসহ গালাগাল করেন ওই নারী। ভারতের গুজরাটে রবিবার (২৭ আগস্ট) রাতে এমন কাণ্ড ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এতে দেখা যায়, মাতাল ওই নারী পুলিশের ওপর তেড়ে আসছেন। পরে তাকে গাড়িতে তুলতে গেলে একজন নারী পুলিশকে থাপ্পড় মারেন এবং অনবরত গালাগাল করতে থাকেন। অন্যদিকে এক নারী পুলিশ ওই মাতাল নারীকে থামানোর চেষ্টা করেন। এ সময় দাঁড়িয়ে থাকা লোকজন এ ঘটনার ভিডিও করেন। শেষ পর্যন্ত ওই নারীকে আটক করে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।
সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের গায়ে হাত তোলা এবং মাতাল হয়ে গাড়ি চালানোর অপরাধে ওই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকে তার পরিচয় জানান। বলেন, তিনি একজন জনপ্রিয় চিত্রশিল্পী। উল্লেখ্য, গুজরাটে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হলেও অবৈধভাবে এটি বিক্রি এবং পান করা হচ্ছে।
২৮-০৮-২০২৩ইং

