মোঃ জিয়াউল ইসলাম:
বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পাথরঘাটা কলেজের একদল এইচ এস সি পরীক্ষার্থী। ৮ আগাস্ট রোজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাথরঘাটা শেখ রাসেল স্কয়ার চত্বরে অবরোধ করে রাখে তারা। এর আগে পাথরঘাটা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কাইফি মো. সাফওয়ানের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ভারী বৃষ্টি উপেক্ষা করে শেখ রাসেল স্কয়ার চত্বরে মিলিত হয়। এক পর্যায়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ও সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করেন। অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা চারটি দাবি জানায়। দাবিগুলো হলো ৫০ মার্কের পরীক্ষা নেওয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা পরে নেওয়া এবং পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দেওয়া। শিক্ষার্থী কাইফি মো. সাফওয়ান, নেয়ামুল, নাঈম বলেন, আমরা লেখাপড়ার সময় পেয়েছি ১০ থেকে ১২ মাস। এ সময়ে আমরা তেমন প্রস্তুতি সম্পন্ন করতে পারিনি। তাছাড়া বারবার বন্ধ থাকায় ঠিকমতো ক্লাস করতে পারিনি। তারা আরও বলেন, ইউএনও, ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন আমাদের দাবিগুলো প্রধানমন্ত্রী কাছে পাঠাবেন। তাই আমরা আন্দোলন বন্ধ করেছি। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, পাথরঘাটা এ বছর পরীক্ষার্থী প্রায় ২ হাজার, তাদের স্বাক্ষরসহ স্মারকলিপি আকারে দিলে আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর আস্বস্ত করলে তার আন্দোলন বন্ধ এইচএসসি পরীক্ষার্থীরা।

