আজ , ।   

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫

আরো খবর

আলোকিত ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০-এর এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩-এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভোর ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হন অনেকে। তাদের উদ্ধার করে ক্যাম্পে এনজিও পরিচালনাধীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত আছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোলাগুলির খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

আলোকিত প্রতিদিন/ ৭ জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -