আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান মাধবকুন্ড জলপ্রপাত

আরো খবর

এস. এম. জালাল উদদীন:

পাথারিয়া পাহাড় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত, যার পূর্ব নাম আদম আইল। এই পাহাড়ের উপর থেকে পতিত পানিতেই সৃষ্টি হয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত। এই পাহাড়টি বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের অধীন গৌরনগর মৌজার অন্তর্গত। এই পাহাড়, সিলেট সদর থেকে ৭২ কিলোমিটার, মৌলভীবাজার জেলা থেকে ৭০ কিলোমিটার, কুলাউড়া রেলওয়ে জংশন থেকে ৩২ কিলোমিটার এবং কাঁঠালতলী থেকে ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। জলপ্রপাত এলাকার সীমান্তবর্তী শেষ পূর্ব সীমান্তে রয়েছে ভারতের আসাম রাজ্য। প্রায় এক হাজার বছর আগে এই অঞ্চলটি গভীর অরণ্য দ্বারা পূর্ণ ছিলো এবং এখানে পাথরি নামক নাগা জনগোষ্ঠীর একটি উপশাখার অধিবাসীরা বসবাস করতো। কালক্রমে বসবাসকারী জনগোষ্ঠীর নামের সাথে মিল থেকে এই অরণ্য অঞ্চলের নাম ‘পাথারিয়া’ হয়। বর্তমানে এ জলপ্রপাত এলাকার অরণ্য রয়েছে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। উপজাতী খাসিয়ারা এ জলপ্রপাত এলাকার গহীনে গড়ে তুলেছে অসংখ্য পানের জুম। যাহা দ্বারা চলে তাদের জীবন-জীবিকা। এখানে পূর্বে প্রচুর প্রাকৃতিক কমলা লেবুর গাছ থাকলেও বর্তমানে তার সংখ্যা হ্রাস পেয়েছে। এই বনাঞ্চলটি আগর-আতর কাঠ গাছের জন্য বিখ্যাত। বর্তমানে এখানে যেসব প্রাকৃতিক উদ্ভিদ দেখা যায় তার মধ্যে রয়েছে নাগকেশর, পালান, বাঁশ, বেত, কালাকস্তুরী বা মুশকদানা ও বনঢ্যাড়শ। ঝিরিপথে এ পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানো যায় আর এ পাহাড়ী অঞ্চলে রয়েছে আরো অসংখ্য ছোট-বড় প্রাকৃতিক ঝরণা।

আলোকিত প্রতিদিন/ ৭ জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -