আজ সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক নাদিম হত্যায় উদ্বেগ ১১ দূতাবাস ও হাইকমিশনের

আরো খবর

আলোকিত ডেস্ক:

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৈশ্বিক জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি), বালাদেশ। বুধবার এমএফসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে ১১টি দেশের দূতাবাস ও হাইকমিশন স্বাক্ষর করেছে। সেগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, ‘বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ বিবৃতিতে বলা হয়, আমরা রব্বানির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করার খবরকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা, ঘটনার বিবরণ প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সবাইকে প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ২২ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -