আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তির প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা

আরো খবর

আলোকিত ডেস্ক:

‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’- রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানকে প্রতিপাদ্য ধারণ করে শুরু হয়েছে বাংলা নববর্ষের উদযাপনের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা।  শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এ শোভাযাত্রা।

১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দের সকাল ৯টার কিছু সময় পরপরই শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার আগে সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায়, এ আয়োজনকে সফল করতে ভোর থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন আয়োজকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা শুরুর জন্য অপেক্ষা করেন বিভিন্ন  বয়সী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।বাংলা নববর্ষের প্রথম দিন রমজান মাস হওয়ায় এবারের পহেলা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি। আর প্রচণ্ড তাপদাহের কারণে শিশু ও বয়স্কদের উপস্থিতি কিছুটা কম।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিএসসি এলাকায় এসেছেন।
এ শোভাযাত্রায় অংশ নিতে আসা নারীদের বেশিরভাগের পরনে শাড়ি আর মাথায় নানা রঙের ফুল দেখা গেছে। পুরুষদের পরনে সাদাসহ নানা রঙের পাঞ্জাবি। অনেকেই শরীরে এঁকেছেন বাঙালির ঐতিহ্যের নানা প্রতীক।
এদিকে শোভাযাত্রাকে ঘিরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকেই টিএসসিসহ পুরো ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সবখানে মোতায়েন আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

বিগত শতকের আশির দশকে সামরিক শাসনের অন্ধকার ঘোচানোর আহ্বানে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছিল। এটিই পরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামধারণ করে। গত তিন দশক ধরে প্রতি বছরই পহেলা বৈশাখে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -