নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন স্পেশাল টিমের অভিযানে অবৈধভাবে কাঠ পাচারকালে ৩০০ ঘনফুট গর্জন কাঠ ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
৯ এপ্রিল রবিবার ভোর ৪ টায় স্পেশাল টিমের ওসি এবং শহর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সুমনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজ এলাকায় এক সাঁড়াশি অভিযান চালিয়ে ৩০০ ঘনফুট গর্জন কাঠভর্তি ট্রাক জব্দ করা হয়।
স্পেশাল টিমের ওসি শহর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সুমন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩০০ ঘনফুট গর্জন কাঠ এবং পরিবহনে নিয়োজিত ট্রাক জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। গর্জন কাঠের বাজারমূল্য ৪ লক্ষ টাকা। সংশ্লিষ্ট আসামি ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। বনজ সম্পদ রক্ষার্থে কাঠ এবং বালি পাচাররোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন। বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে ।
অবৈধভাবে পাহাড়ি মাটি,বালি ও কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০৯ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -

