আলোকিত ডেস্ক:
মোটরসাইকেল চুরির অভিযোগ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা ১। রেজা মো. সাইমুন ওরফে তরুণ (৩৫) এবং সাদমান সাকিব (২৯)।
১৮ মার্চ শনিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানার রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ১৯ মার্চ রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মিরপুর মডেল থানার রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা আছে ।
মেধাবী শিক্ষার্থী থেকে চোর
ওসি মহসীন বলেন, তরুণ ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। কিন্তু স্নাতক শেষ করতে পারেননি। ২০১৫ সালে ৪র্থ বর্ষে থাকা অবস্থায় বহিষ্কার হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন। তারপর কিছুদিন একটি গানের দলে ছিলেন,স্টেজ শো করতেন। কিন্তু পরে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পড়েন। ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মুন্সীগঞ্জে বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার সাজাও হয়। গ্রেপ্তার হওয়া অপর আসামি সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির অধীনে ডিআইপিটিআই ধানমন্ডি ৩২ ক্যাম্পাস থেকে ২০১৫ সালে ডিপ্লোমা পাস করেন।
ইউটিউব থেকে চুরিকরা শেখেন
মিরপুর মডেল থানার ওসি বলেন, সাধারণত অন্যরা মোটরসাইকেল চুরি অন্য কোনো চোর থেকে শিখলেও তরুণ শিখেছেন নিজে নিজে ইউটিউব থেকে। মোটরসাইকেলের তালা কীভাবে ভাঙে সেটা শেখেন প্রথমে। আর নিজের মোটরসাইকেলে প্রয়োগ করেন। তারপর শুরু করেন চুরি। প্রথম প্রথম ধরা না পড়লেও পরে বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হন। সর্বশেষ ২০২১ সালে গ্রেপ্তার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিনে বের হন। জামিনে বেরিয়ে গতকাল রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে পাবলিকের হাতে ধরা পড়েন। এরপর পুলিশ তাকে আটক করে।
আলোকিত প্রতিদিন/ ১৯ মার্চ-২০২৩/মওম

