আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কয়রায় টেকসই বেড়িবাঁধ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি

আরো খবর

প্রতিনিধি,কয়রা (খুলনা):

দক্ষিণ খুলনার সমুদ্র উপকূলীয় উপজেলা কয়রার মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের মেগা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কয়রার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। নাগরিক সংগঠন ‘কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির” আয়োজনে কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে কয়রায় টেকসই বেড়িবাঁধের মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, উপকূলীয় উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কমলেশ মন্ডল প্রমুখ।
খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন,অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু কেউ কয়রায় টেকসই বেড়ীবাঁধের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটি মজবুত বেড়ীবাঁধ নির্মাণের জন্য ১ হাজার ১৭২ কোটি ৩১ লাখ টাকা রবরাদ্দ পেয়েছে কয়রাবাসী। তবে তার বাস্তবায়ন কাজ শুরু হয়নি। কয়রার অব‌হে‌লিত মানু‌ষের কথা বি‌বেচনা ক‌রে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে টেকসই বেড়ীবাঁধের মেগা প্রকল্পটি বাস্তবায়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিবেন বলে আশাকরি।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী বলেন, সুন্দরবন সংলগ্ন সমুদ্র উপকূলীয় জনপদ কয়রা উপজেলার মানুষেরা দুর্যোগের অসহনীয় আঘাতে জর্জরিত । প্রতিবছর বেড়ীবাঁধ ভেঙে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয় মানুষকে। সেই ষাটের দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। টেকসই বেড়িবাঁধের মেগা প্রকল্পের কাজ আগামী বর্ষা মৌসুমের আগে শুরু করার দাবি জানান তিনি ।
অনুষ্ঠানে ইমতিয়াজ উদ্দিন বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ২০২১ সালের ২৩ নভেম্বর কয়রার দুইটি ইউনিয়নের জন্য ১ হাজার ১৭২ কোটি ৩১ লাখ টাকার টেকসই বেড়ীবাঁধ প্রকল্প অনুমোদনের পর আশার আলো দেখেছিল কয়রার মানুষ। কিন্তু কাজটি ২০২৪ সালের জুনে শেষ হবার কথা থাকলেও আজও তা শুরুই হয়নি। এছাড়া কয়রা উপজেলা প্রতিবছর মৎস্য খাত, সুন্দরবন, আংটিহারা কাস্টমস, বৈদেশিক রেমিটেন্স সহ বিভিন্ন খাত থেকে সরকারকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকে। সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুর্যোগ ঝুঁকিতে থাকা উপকূলীয় মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মানের মেগা প্রকল্পের কাজ চলতি বছরের বর্ষা মৌসুমের পূর্বেই শুরু করার জন্য জোর দাবি জানান।

অনুষ্ঠানে কয়েকটি দাবি তুলে ধরে বলা হয়, কয়রার দুটি ইউনিয়নের টেকসই বেড়ীবাঁধের অনুমোদিত প্রকল্পের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি পর্যায়ক্রমে পুরো উপকূলীয় এলাকাকে টেকসই বেড়িবাঁধের আওতায় আনতে হবে। বাঁধ রক্ষণাবেক্ষনের জন্য জরুরি তহবিল গঠন এবং বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে।

আলোকিত প্রতিদিন/ ১৬ মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -