আলোকিত ডেস্ক:
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চল ছাড়া আগামী কয়েকদিন দেশের অন্যান্য অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও দূর হয়েছে। গত সোমবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো।
১৫ মার্চ বুধবার সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকাসহ বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। তবে ঢাকার দক্ষিণাংশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এটাই ছিল চলতি গরম মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টি।
এদিন সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২ এবং নেত্রকোনায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ জানান, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে।
আলোকিত প্রতিদিন/ ১৫মার্চ-২০২৩/মওম

