আলোকিত ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে থেমে থাকলে হবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্ম। আমরা কোনোভাবেই পিছিয়ে পড়বো না। কারো কাছে হাত পেতে চলবো না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেছেন, বিজ্ঞান এবং গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে, সেটা এখন প্রমাণিত। গবেষণার কারণে আমিষ এবং খাদ্য উৎপাদনে আমরা সফল্য পেয়েছি।
২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান এবং প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আমাদের সরকার।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান এবং প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।
আলোকিত প্রতিদিন/ ০২ মার্চ -২০২৩/মওম

