আলোকিত ডেস্ক:
জনসভায় অংশ নিতে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করতে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে পদ্মা সেতু হয়ে তিনি সেখানে পৌঁছান।
কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি ৪৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী পাঁচটি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে, মিছিল-স্লোগানে মুখর কোটালীপাড়া। চার বছর পর নিজ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতা-কর্মী-সমর্থকরা। জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। সকাল থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে মিছিল-স্লোগানে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
এই জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এম এম কামাল হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও ’৭৫-এর ১৫ আগস্ট নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেবেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ সাড়ে চার বছর পর নিজ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালে শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে তিনি জনসভায় বক্তব্য রেখেছিলেন।

