আন্তর্জাতিক ডেস্ক:
আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় এক বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে এটাই বাইডেনের প্রথম কিয়েভ সফর। খবর বিবিসির।
গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে জানান, প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পোল্যান্ড সফর করবেন। এসময় তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

অপরদিকে স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকেই ধারণা করা হচ্ছিল যে, রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ কোনো অতিথি আসবেন। ইউক্রেনের রাজনীতিবিদ লেসিয়া ভাসিলেনকো নিশ্চিত করেছেন যে, এই বিশেষ অতিথি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিয়েভে পৌঁছেছেন। বাইডেন কিয়েভকে প্রতিরক্ষা সহায়তার জন্য অস্ত্র এবং তহবিল সরবরাহ করতে মিত্রদের আহ্বান জানিয়ে আসছেন।
রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বড় পরিসরে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। সেখানে হাসিমুখে দুজনকে হ্যান্ডশেক করতে দেখা গেছে। বাইডেনকে তিনি বলেন, ইউক্রেন আপনার প্রতি কৃতজ্ঞ, মিস্টার প্রেসিডেন্ট। নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জেলেনস্কি লিখেছেন, জোসেফ বাইডেন, কিয়েভে স্বাগত।
আলোকিত প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি -২০২৩/মওম

