আলোকিত ডেস্ক:
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র হজ প্যাকেজ প্রস্তুত এবং সিদ্ধান্ত গ্রহণ শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয় গত ৯ জানুয়ারি। হজ চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন । সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০ শতাংশ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এই বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

