আলোকিত ডেস্ক:
জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু। ২৫ ডিসেম্বর রবিবার দুপুর ১২টার দিকে তারা রওশন এরশাদের গুলশানের বাসায় এই সাক্ষাৎ করেন। সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উনি বাসায় উঠেছেন। এ জন্য উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে ওনাকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং কথা দিয়েছেন পার্টি অফিসে আসবেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হবেন।’
দলের নেতৃত্ব এবং নীতিনির্ধারণী বিষয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে চুন্নু বলেন, ‘ওইভাবে আলাপ হয়নি। তবে দলের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে। আমরা দলে আছি, ওনার কো-অপারেশনও থাকবে।’
রবিবার দলের চেয়ারম্যান জিএম কাদেরকে সঙ্গে তিনি রওশন এরশাদের বাসায় যান এবং ওখানে ঘণ্টাদেড়েক অবস্থান করেছেন বলে জানান মুজিবুল হক চুন্নু।

