আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বস্ত্র খাতে দক্ষ মানবসম্পদ লাগবে: বস্ত্র ও পাটমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বস্ত্র খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তিনির্ভর তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। এ ধরনের আরও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলমান রয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার নরসিংদীর শাহেপ্রতাপে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশের তাঁতশিল্প এবং তাঁত শিল্পীরা এ দেশের বস্ত্রশিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রাচীনকাল থেকেই বাংলাদেশের তাঁতশিল্পের সুনাম ছিল গৌরবময় এবং জগদ্বিখ্যাত। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। হস্তচালিত তাঁতশিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ কুটিরশিল্প। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশের তাঁতশিল্পের আধুনিকায়নের বিভিন্ন কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের ব্যাপক প্রসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য দেশের বিভিন্ন তাঁতসমৃদ্ধ অঞ্চলে ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’-কে সমানে রেখে সরকার তাঁত ও বস্ত্র খাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রফতানি বাড়াতে বস্ত্র এবং পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে লে. কর্নেল অব. মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য তামান্না নুসরাতসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৩ ডিসেম্বর– ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -