নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলায় উসকানি এবং পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন খারিজ করেছে আদালত।
১২ ডিসেম্বর সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন এই তথ্য জানান। জামিন আবেদনে উল্লেখ করা অপর দুই জন হলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে নিজ বাসা থেকে পুলিশ আটক করে বলে বিএনপি নেতারা জানিয়েছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। প্রায় কাছাকাছি সময়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মির্জা আব্বাসকেও শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছে। রাত সোয়া ৩টায় তাকে তুলে নেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ১১ ডিসেম্বর জামিনের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালত শুনানির জন্য ১২ ডিসেম্বর সোমবার দিন ধার্য করেন।

