আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে ফের দূতাবাস খুলতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। শনিবার ১০ ডিসেম্বর টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ ঘোষণা দিয়েছেন। টুইটে সান্তিয়াগো কাফিয়েরো বলেন, ‘১৯৭৮ সাল থেকে বাংলাদেশে বন্ধ থাকা দূতাবাসটি পুনরায় চালুর প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবে আর্জেন্টিনা।’ বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি এই পরিকল্পনা বাস্তবায়নে জোর হাওয়া দিতে পারে। কাফিয়েরো জানিয়েছেন, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০-এর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন সান্তিয়াগো কাফিয়েরো। ওই সম্মেলনের পর বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার বিষয়টি চূড়ান্ত করতে ঢাকা সফর করবেন তিনি।
আর্জেন্টাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি বাংলাদেশে দূতাবাস এবং কনস্যুলার বিভাগ পুনরায় চালুর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে আগ্রহী। সম্পর্কোন্নয়নের পাশাপাশি পারস্পরিক বাণিজ্যেও বৈচিত্র্য আনতে চায় আর্জেন্টিনা। ২০২১ সালে বাংলাদেশে ৮৭৬ মিলিয়ন ডলারের পণ্যসামগ্রী রফতানি করে আর্জেন্টিনা। এর বেশিরভাগ ছিল গম, ভুট্টা ও সয়াবিন জাতীয় পণ্য। অন্যদিকে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে আর্জেন্টিনায় ৯৫ লাখ ডলারের পণ্যসামগ্রী রফতানি করেছে বাংলাদেশ। এরমধ্যে তৈরি পোশাক, ওষুধ, প্লাস্টিক এবং চামড়াজাত পণ্য, জুতা, শিশুদের খেলনা, ম্যাট্রেস, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি উল্লেখযোগ্য। গত আগস্টে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কাফিয়েরোর বৈঠকেও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে একসময় আর্জেন্টিনার দূতাবাস থাকলেও উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক না থাকায় ১৯৭৮ সালে এটি বন্ধ করে দেয় বুয়েন্স আয়ার্স।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর– ২০২২/মওম

